আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর অল’ ও ‘স্বপ্নঘর ফাউন্ডেশন’। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজন করা হয় ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘উই ফর অল’-এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সমাজসেবক নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ. হামিদুর ইসলাম আজম, স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গা শাখার পরিচালক ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ‘উই ফর অল’-এর পরিচালক আব্দুর রাজ্জাক রাজুসহ শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
উৎসবে অংশ নেওয়া শিশুরা নিজেদের পছন্দমতো নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি তাদের হাতে বিভিন্ন ঈদ উপহার তুলে দেওয়া হয়, যা তাদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘মেহেদী উৎসব’। রঙিন এ আয়োজনে শিশুরা হাতে মেহেদী দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে।
২০১১ সাল থেকে পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে কাজ করে আসা সংগঠন দুটি এবারও দুস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয়। অনুষ্ঠানে শত শত এতিম শিশুর উপস্থিতিতে প্রাঙ্গণজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলমডাঙ্গা অফিস