আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে ভাংবাড়ীয়া বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, বাজারের ভাই ভাই স্টোরের মালিক রহিদুল ইসলামের মুদি দোকানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হলেও দোকানে কোথাও পণ্যের নির্ধারিত মূল্যতালিকা টাঙানো ছিল না। এতে ভোক্তারা পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে জানতে পারছিলেন না এবং অতিরিক্ত মূল্য আদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছিল। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় দোকান মালিক রহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ভবিষ্যতে দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শনের প্রতিশ্রুতি দেন।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম। তিনি এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্যতালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স। ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
প্রতিবেদক হাটবোয়ালিয়া