রবিবার, ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৬ ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৬ ইং
দর্শনা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দর্শনা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহীন আলম। অভিযানে দেখা যায়, দর্শনা রেলবাজারের বেশিরভাগ দোকান দীর্ঘদিন ধরে পৌরসভার ট্রেড লাইসেন্স গ্রহণ করেনি। অনেক প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ট্রেড লাইসেন্স মেয়াদোত্তীর্ণ রয়েছে। এছাড়াও কিছু দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।


এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত চৌধুরী ক্লোথ স্টোর ১ হাজার টাকা, সানশাইন স্টুডিও ২ হাজার টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টারে ২ হাজার টাকা, মেসার্স নীলা ট্রেডার্সে ২ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১ হাজার টাকা, সবুজ বাংলা গার্মেন্টসে ২ হাজার টাকা জরিমানা করেন। এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


এসময় বাজার এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের রাস্তার ওপর মালামাল না রাখার নির্দেশনা দেন প্রশাসন। যাদের নিজস্ব দোকান নেই, তাদের রাস্তার ওপর দোকান বসানো থেকেও বিরত থাকতে বলা হয়। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌরসভার ট্রেড লাইসেন্স করা ও আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। রাস্তা দখল করে ব্যবসা করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানের সময় দর্শনা রেলবাজারের কাচাবাজার এলাকায় রাস্তা দখল করে কাচামাল কেনাবেচা, গার্মেন্টস ও বেডিং ব্যবসায়ীদের মালামাল দোকানের বাইরে রাস্তার ওপর ঝুলিয়ে রাখা বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। স্থানীয়রা জানান, বাজারের কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছেন, যার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। তারা বলেন, রাস্তা দখল করে ব্যবসা করা ঠিক নয় এবং প্রশাসনের এমন অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা পুলিশের একটি দল ও দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

হাটবোয়ালিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভায় শরীফুজ্জামান শরীফ