রবিবার, ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পুরাতন হাউলীতে খালের জমিতে ঘর নির্মাণ

জনমনে ক্ষোভ, প্রশাসন নির্বিকার
  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৬ ইং
দামুড়হুদার পুরাতন হাউলীতে খালের জমিতে ঘর নির্মাণ

দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামে সরকারি খালের জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


সরেজমিনে পুরাতন হাউলী গ্রামের দোয়ার ধারে গিয়ে দেখা যায়, গ্রামের আলিম উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল স্থানীয়ভাবে ‘দুয়া’ নামে পরিচিত একটি সরকারি খালের ধারে নির্মাণকাজ করছেন। এতে গ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থাপিত কালভার্টের পানি নিষ্কাশনের পথ আংশিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।


স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালের জমিতে স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হতে পারে। এতে গ্রামে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আব্দুল আউয়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি খাস জমিতে নয়, আমার নিজস্ব জমিতেই ঘর নির্মাণ করছি।’


এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক অথবা দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়