রবিবার, ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর চুরি

নারীদের ঠেলাঠেলিতে খোয়া গেল লাখ টাকা
  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
সরোজগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর চুরি

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অবস্থিত পূবালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলনের পর চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নবীননগর গ্রামের বাসিন্দা রেশমা খাতুন জানান, তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ৩-৪ জন অজ্ঞাত নারী তাকে ঘিরে ঠেলাঠেলি শুরু করে। এক পর্যায়ে তারা কৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে নিচে নেমে তিনি বুঝতে পারেন তার ব্যাগে রাখা টাকা নেই।


রেশমা খাতুন বলেন, ‘ব্যাংকের ভেতর থেকেই কয়েকজন নারী আমার আশেপাশে ঘোরাফেরা করছিল। তখন বিষয়টি বুঝতে পারিনি। সিঁড়ি দিয়ে নামার সময় তারা ধাক্কাধাক্কি করে। পরে দেখি আমার ব্যাগ থেকে ১ লাখ টাকা নেই।’ ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে সরোজগঞ্জ ক্যাম্পে গিয়ে বিষয়টি অবহিত করেন।


পরে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। তবে ফুটেজে সন্দেহভাজন নারীদের মুখে মাস্ক থাকায় তাদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা