চুয়াডাঙ্গায় ফসলের মাঠে জমি চাষ করতে গিয়ে ল্যান্ড মাইন সাদৃশ্য বস্তুর সন্ধান মিলেছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের ফসলের মাঠে জমি চাষ করার সময় ওই বস্তুর সন্ধান পান এক কৃষক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে যৌথবাহিনী। সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসীকে।
স্থানীয়রা জানান, বিকেলে মাখালডাঙ্গা গ্রামের স্কুল পাড়া মাঠে জমি চাষ করছিলেন এক কৃষক। এসময় বের হয়ে আসে ল্যান্ড মাইন সাদৃশ্য বস্তুটি।
পরে খবর দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় স্থানীয় উৎসুক জনতাকে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এখনও বোমা সাদৃশ্য বস্তুগুলোকে উদ্ধার করা সম্ভব হয়নি। বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। ওই টিম আসলে বস্তুগুলোকে উদ্ধার করা সম্ভব হলে পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে বস্তুগুলো কি।
তবে, স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, ল্যান্ড মাইন সদৃশ বস্তুগুলো ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের।
নিজস্ব প্রতিবেদক