আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন নতুনপাড়া এলাকার মৃত মনছের আলীর ছেলে খোকন আলী (৪০)। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মহাব্বত আলীর ছেলে শীতল (৩৫) এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে। শীতল, তার ছেলে নয়নসহ কয়েকজন খোকন আলীর বসতভিটায় প্রবেশ করে টিনের ঘর ভাঙচুর করে এবং আশপাশের গাছ কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
খোকন আলী জানান, প্রায় ২০ বছর আগে আলমডাঙ্গার দক্ষিণ শ্রীরামপুর ১১৫ নম্বর মৌজার আরএস ৮০৩ নম্বর খতিয়ানের ১৮৭০ ও ১৯৭৮ নম্বর দাগের মোট ৪ শতক জমি একই গ্রামের আলম হোসেন মহাব্বত আলীর কাছ থেকে ক্রয় করেন। পরে তিনি আলম হোসেনের কাছ থেকে জমিটি কিনে নেন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করলেও সম্প্রতি অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘শুক্রবার আমি বাজারে ছিলাম। আমার অনুপস্থিতির সুযোগে তারা ঘর ভাঙচুর করেছে। বাড়িতে ফিরে সবকিছু ভাঙা অবস্থায় পাই। প্রতিবাদ করলে পরিবারের দু’জন সদস্যকে মারধর ও হুমকি দেওয়া হয়।’ স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ আগেও উত্তেজনার সৃষ্টি করেছিল। তখন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে সর্বশেষ ঘটনার পর গ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় খোকন আলী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে। অভিযুক্ত শীতলের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
আলমডাঙ্গা অফিস