দর্শনার চাকুলিয়া গ্রামে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় বাবা নুর ইসলাম (৬৫) ও ছেলে সাইদুর রহমানসহ (৩৩) সাতজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি ঘরবাড়ি ও তিনটি মোটরসাইকেল। গতকাল শুক্রবার দুপুরে কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার দুপুরে বাবা নুর ইসলাম ও ছেলে সাইদুর রহমানের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এসময় সাইদুরের শ্বশুরবাড়ির পক্ষের ৭-৮ জন চারটি মোটরসাইকেলে করে গ্রামে এসে নুর ইসলামের ওপর হামলা চালায়। ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে মারধর করেন। এতে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়। দর্শনা থানা পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, ‘বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহ থেকে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। স্থানীয়রা তাদের আটক করে মারধর করে।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দর্শনা অফিস