শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দুই পুলিশ সদস্যসহ আহত ১০, থমথমে পরিবেশ
  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
কালীগঞ্জে রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঝিনাইদহের কালীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। এই সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।


ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে সমন্বয় সভার আয়োজন করা হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিমসহ ১০ জন আহত হন। 


প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানায়, সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ধানের শীষের বিপক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি পক্ষ কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়লে অপর পক্ষ থানা চত্বরে প্রবেশ করে হামলা চালায়। এসময় দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।


এ ঘটনায় রাশেদ খান বলেন, ‘আমি কালীগঞ্জে এসেছি শুনে অনেক নেতা-কর্মী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কার্যালয়ে আসেন। সেখানে নেতা-কর্মীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি ঠিক আছে।’


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, থানার সামনেই ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের নির্বাচনী কার্যালয়। ওই কার্যালয়ে বিএনপির কর্মীদের সমন্বয় সভা চলছিল। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তাদের একটি পক্ষ থানায় ঢুকে পড়লে অপরপক্ষ থানা এলাকার মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ডম্বলপুরে জমি দখলের চেষ্টায় হামলার অভিযোগ