বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও আসাদুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা খান জাহানা, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব ফজলুল হক গাজীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। নেতাকর্মীরা হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বার্তা দেন। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনকল্যাণমূলক কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথি সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই এ খাতে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মুজিবনগর অফিস