কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কিরণ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু শামিম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলার মালিহাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিরণ হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনোয়ার কাটানির ছেলে। আহত শামিম একই গ্রামের নেজামুলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে একটি লাটাহাম্বা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিরণের মৃত্যু হয়। অন্যদিকে, আহত শামিমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। কিশোরের অকাল মৃত্যুতে প্রাগপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা ও অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আলমডাঙ্গা অফিস