সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোয়াল ভরা গরুর স্বপ্ন ফেরাল দর্শনা পরানপুরের বারেক

একটি গাভী থেকে এখন ৩৭ গরুর মালিক
  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
গোয়াল ভরা গরুর স্বপ্ন ফেরাল দর্শনা পরানপুরের বারেক

একসময় বাংলার গ্রামে প্রচলিত ছিল- ‘গোয়াল ভরা গরু, গোলাভরা ধান আর পুকুর ভরা মাছ।’ সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন প্রায় অতীত। তবে ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছেন দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের আব্দুল বারেক। প্রায় ১৫-১৬ বছর আগে তার বাবা একটি গাভী গরু কিনে আনেন। সেই একটি গাভী থেকেই শুরু হয় গরু পালনের পথচলা। ধীরে ধীরে বাছুর হতে হতে আজ তাদের খামারে ছোট-বড় মিলিয়ে ৩৭টি গরু রয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি গাভী, ১৫টি এঁড়ে বাছুর এবং ১২টি বড় গরু।


আব্দুল বারেক জানান, গরু বিক্রি করে এক জোড়া মহিষ ও একটি পাওয়ার ট্রলি কেনা হয়েছে। ট্রলি দিয়ে জমি চাষ ও কৃষিপণ্য পরিবহন করে বাড়তি আয় হচ্ছে। এছাড়া গরু ও দুধ বিক্রির টাকায় ১০ কাঠা জমির ওপর পাঁচ কক্ষবিশিষ্ট পাকা ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমানে ৯টি দেশি গাভী থেকে প্রতিদিন প্রায় ১০-১১ কেজি করে দুধ পাওয়া যায়। প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি করে প্রতিদিন প্রায় ৮০০ টাকার মতো আয় হয়। এই আয়ে দুই বোনের পড়াশোনা চালানো হচ্ছে।
পরিবারে বাবা-মা, চার ভাই ও দুই বোন নিয়ে তাদের যৌথ পরিবার। আব্দুল বারেক বলেন, ‘আগের মতো কষ্ট নেই। যখন টাকার প্রয়োজন হয়, একটি গরু বিক্রি করলেই চাহিদা মেটে। এখন আমাদের আর পিছনে তাকাতে হয় না।’ তবে সাফল্যের পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। নিজেদের কোনো জমি নেই। অন্যের পাঁচ বিঘা জমি বন্ধক নিয়ে চাষ করেন। মাঠে ঘাসের অভাব এবং চারণভূমি সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় মহাসড়ক বা রেললাইনের পাশের ফাঁকা জায়গায় গরু চরাতে হয়। তবুও সীমিত খাবার ও যত্নেই গরুগুলো লালন-পালন করছেন তারা।


কুরবানির ঈদ সামনে রেখে প্রতিবছর ১০-১২টি গরু বিক্রি করা হয়। প্রতিটি গরুর গড় মূল্য ৮০ থেকে ৯০ হাজার টাকা। একটি গাভী গরু থেকে শুরু হওয়া এই যাত্রা আজ তাদের সংসারে স্বচ্ছলতার আলো এনে দিয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার