চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা শহিদ রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
কবর জিয়ারত শেষে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি বলেন, শহিদ রফিকুল ইসলাম তার আদর্শ ও বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন। আমরা তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি। শহিদের পরিবার যেন ন্যায়বিচার ও প্রাপ্য সম্মান পায়, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।
এসময় উপস্থিত ছিলেন শহিদ রফিকুল ইসলামের বাবা দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা সদর থানার আমির মাওলানা বিল্লাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হোসাইন, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, সদর থানা অফিস সম্পাদক মোহাম্মদ আসিফ উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা খবির উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়নের আমির মাওলানা মহসিন আলী, সদর থানা প্রচার ও আইটি সম্পাদক মামুন হাওলাদার, পদ্মবিলা ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানা, সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম হাওলাদার, ডা. মনিরুল ইসলাম মনি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর একজন সংসদ সদস্য শহিদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিতে আসায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রশিবির নেতা রফিকুল ইসলাম। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘শহিদ রফিকুল ইসলাম’ নামে পরিচিত।
প্রতিবেদক সরোজগঞ্জ