জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রতিযোগিতা তদারকি করেন উপ-কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা যায়, শিশুদের রচনা প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা তিনটি বিভাগে এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্ব্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা দুই বিভাগে আয়োজন করা হয়। ভাষা শহিদদের স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
সমীকরণ প্রতিবেদক