বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সুলভ মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
দামুড়হুদায় সুলভ মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে দামুড়হুদা উপজেলায় সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দেওলী মোড়ে অবস্থিত আতিকুর মিট স্টোরে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজাত পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গরু ও মুরগির মাংস এবং ডিম সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বস্তিতে রমজানের প্রস্তুতি নিতে পারেন।


উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারা দেশে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দামুড়হুদা উপজেলায় নির্ধারিত বিক্রয়কেন্দ্রে সাধারণ ক্রেতারা কম মূল্যে প্রাণিজাত পণ্য ক্রয় করতে পারছেন। তিনি আরও বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এসময় সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে, সে লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দোকানদার নিজেও একজন খামারি হওয়ায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, ফলে সুলভ মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, বাজার মনিটরিংয়ের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রমজান মাসে কেউ যেন কষ্টে না থাকেন, সে লক্ষ্যেই প্রশাসনের এ উদ্যোগ। তিনি রমজান মাসে পণ্যের দাম সুলভ মূল্যে সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ