চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক মজনু (৪৭) গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। আহত মজনু কুতুবপুর গ্রামের ওমর আলী মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়। সে সময় মজনু নিজ ঘরে লেপ মুড়িয়ে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করার চেষ্টা করে। এসময় জীবন রক্ষার্থে মজনু হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এতে তার নাক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে জখম হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই একটি ছুরি ফেলে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছোট ধারালো ছুরি উদ্ধার করেন। আহত মজনু অভিযোগ করেন, পূর্বের রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আহতের শরীরে কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে। একটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক সরোজগঞ্জ