বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে দুই প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে দুই প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দুই প্রবীণ ও দিকপাল শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবুল হাসান এবং বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে প্রাতিষ্ঠানিক বিদায় জানানো হয়।


সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিচুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।


বিদায়ী শিক্ষক আবুল হাসান তাঁর দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘১১ নভেম্বর ১৯৯৪ সালে এই বিদ্যালয়ে আমার শিক্ষকতা জীবনের পথচলা শুরু হয়েছিল। আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সেই দীর্ঘ সফরের ইতি টানলাম। এই স্কুলের প্রতিটি ধূলিকণা আর হাজারো শিক্ষার্থীর ভালোবাসা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষকতা জীবনের এই সোনালি দিনগুলো আমার বাকি জীবনের সঙ্গে একীভূত হয়ে থাকবে।’


সভাপতি আনিচুর রহমান বলেন, ‘আবুল হাসান ও মিজানুর রহমান শুধু শিক্ষক ছিলেন না, তারা ছিলেন এই প্রতিষ্ঠানের আলোকবর্তিকা। তাঁদের মেধা ও শ্রম এই বিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। তাঁদের বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, তবে তাঁদের দেখানো আদর্শ আমাদের পথ দেখাবে।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও প্রীতি উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে নানা উপহার তুলে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ