আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় অবস্থিত ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯.৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে পালনের লক্ষ্যে সাতটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব বেইজ ক্যাম্প থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করা হচ্ছে।
তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপন, তল্লাশি ও নজরদারি কার্যক্রমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা টহল অব্যাহত রয়েছে।
এছাড়াও অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
সমীকরণ প্রতিবেদক