আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন জীবননগর উপজেলা বিএনপির ৩ নম্বর সিনিয়র সহসভাপতি (লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত) গোলাম মঞ্জু সিদ্দিকী মিলন। তিনি হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় হাসাদাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণের ঘোষণা দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময়কালে গোলাম মঞ্জু সিদ্দিকী মিলন বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাবু খানের পক্ষে কাজ করবো এবং তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনুর রশীদ, সহসভাপতি শফিকুল আলম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামীম শেখ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামছুল আলম (বিজিবি অবসরপ্রাপ্ত), ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহীন আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আক্তার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করা হবে এবং সাধারণ ভোটারদের সম্পৃক্ত করে বিজয় নিশ্চিত করতে তারা মাঠে সক্রিয় থাকবেন।
প্রতিবেদক হাসাদাহ