আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা আমতৈলপাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল ও ব্যতিক্রমধর্মী গণজোয়ার র্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এই গণজোয়ার র্যালি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থনের প্রতিফলন ঘটায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা আমতৈলপাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই গণজোয়ার র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাটুভাঙ্গা ব্রিজপাড়া এলাকা থেকে শুরু হয়ে হাটবোয়ালিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে পুরো এলাকা ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা হাতে হাতে ধানের শীষ প্রতীক, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং স্লোগানের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিএনপি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। আজ ধানের শীষ প্রতীকই সেই অধিকার পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠেছে। তারা আরও বলেন, শরীফুজ্জামান শরীফ একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করার মধ্য দিয়েই এই অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নেতৃবৃন্দ জানান, ভাংবাড়ীয়া ইউনিয়নসহ আলমডাঙ্গা উপজেলার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসই প্রমাণ করে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী।
প্রতিবেদক হাটবোয়ালিয়া