আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা তাদের উদ্ভাবন ও উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আলমডাঙ্গায় সব ধরনের ফসলের চাষাবাদ অত্যন্ত ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চল কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল ও আধুনিক কৃষিযন্ত্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এর আগে মেলা উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক দেবাশীষ কুমার দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ।
অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আজগার আলী, প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান স্বপনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারা।
উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ জানান, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৬টি স্টল বসানো হয়েছে। মেলায় পারিবারিক সবজি, পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষ, মশলা ও সবজি চাষ, কৃষি প্রযুক্তি ও শস্যচিত্রসহ নানা ধরনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি প্রদর্শনী স্থান পেয়েছে।
আলমডাঙ্গা অফিস