আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনা পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও ব্যানার বিতরণ করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. মশিউর রহমান। গতকাল শনিবার দিনব্যাপী নিজ উদ্যোগে তিনি দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের ২১০টি ব্যানার বিতরণ ও স্থাপন করেন। এসময় প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের হাতে ব্যানার তুলে দেওয়া হয় এবং বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে সৃষ্টি হয়েছে ভিন্নমাত্রার রাজনৈতিক উত্তাপ। দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে—এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলেরই সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। কে বিজয়ী হবে—এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা।
এরই ধারাবাহিকতায় মো. মশিউর রহমান তার নিজ ওয়ার্ড শ্যামপুর জয়নগরসহ দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য রেজাউল ইসলাম, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, ছাত্রনেতা আব্দুর রহিম মুন্না, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস ইকবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)