দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপল্লীতে মৃত্যুর সংবাদ শুনে লাশ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুকুমার কাটানী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ক্যাথলিক গির্জার বটতলা এলাকায় দর্শনা-মুজিবনগর প্রধান সড়কে। নিহত সুকুমার কাটানী কার্পাসডাঙ্গা মিশনপল্লীর বাসিন্দা এবং মৃত সত্তেন কাটানীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একই পল্লীর বাসিন্দা মৃত ধীরেন মণ্ডলের ছেলে সুকচাঁদ মণ্ডল (৬৫) অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। সন্ধ্যার পর সুকুমার কাটানী ওই বাড়িতে গিয়ে সুকচাঁদের লাশ দেখে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দর্শনা-মুজিবনগর সড়ক পার হওয়ার সময় বাঘাডাঙ্গা গ্রামের রবিউল হকের ছেলে সোহরাব হোসেনের মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় সুকুমার কাটানী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কার্পাসডাঙ্গা সততা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবুল কাশেম তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোহরাব হোসেনও আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা