চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
দোকান মালিক আলী হোসেন বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলাম। ভোর ৪টার দিকে ফোন পেয়ে ছুটে এসে দেখি দোকানের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২০ বছরের কষ্টে গড়া দোকান ও কাঠের মালামাল, তৈরি করা ফার্নিচার এবং দামী মেশিন সব হারালাম। এই আগুন আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, হঠাৎ চিৎকার শুনে এসে দেখি দোকানটিতে আগুন জ্বলছে। স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নৈশপ্রহরী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে তিনি ছুটে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার আগুনের তাপে বিস্ফোরিত হয়েছে এবং সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে থাকা নগদ টাকা ও সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে।