সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদক, সড়ক দুর্ঘটনা ও বখাটেদের উৎপাত নিয়ে আলোচনা

মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নবাগত এসপি উজ্জ্বল কুমার রায়
  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৫ ইং
মাদক, সড়ক দুর্ঘটনা ও বখাটেদের উৎপাত নিয়ে আলোচনা

মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর জেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, গাংনী প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক, সময় টিভির বেন ইয়ামিন মুক্ত, স্টার নিউজের রিপোর্টার রাশেদুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু সাঈদ, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মেহের আমজাদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সংবর্ধনা ও পরিচিতি পর্ব শেষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন। তারা সীমান্তঘেঁষা মেহেরপুরে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার, আত্মহত্যার প্রবণতা, সড়ক দুর্ঘটনা, স্কুল-কলেজসংলগ্ন টং দোকানে বখাটেদের উৎপাতসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মেহেদী হাসান দিপু, মেহেরপুর সদর থানার নবাগত ওসি হুমায়ুন কবির, গাংনী থানার ওসি উত্তম কুমার দাস, মুজিবনগর থানার নবাগত ওসিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘আমি মেহেরপুর জেলায় নতুন। এখানকার ভৌগোলিক অবস্থা ও আইনশৃঙ্খলার সার্বিক চিত্র এখন বুঝে নিচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে প্রশাসনিক সব ধরনের উদ্যোগই নেওয়া হবে। খুব অচিরেই এর সুফল মেহেরপুরবাসী অনুভব করবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী