চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক