সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

জেলায় ২ লাখ ৭৭ হাজার টিকাদানের লক্ষ্যমাত্রা
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

চুয়াডাঙ্গায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. সাজিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন।


ডা. মাহাবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার জাতীয়ভাবে একটি বড় টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১ ডোজ করে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) বিনামূল্যে প্রদান করা হবে।’ তিনি আরও বলেন, ‘এই টিকাদান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। টিকা নিয়ে ইতিবাচক বার্তা প্রচার করে জনসচেতনতা তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।’


কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. ইমরান হাসিব খন্দকার। কর্মশালায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। এর প্রথম ধাপে টানা ১০ দিন চুয়াডাঙ্গার বিদ্যালয়গুলোতে প্লে/নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ৮ দিন ইপিআই আউটরিচ কেন্দ্রে স্কুলবহির্ভূত শিশু এবং টিকাদান থেকে বাদ পড়াদের টিকা দেওয়া হবে।
চুয়াডাঙ্গা জেলার এই কর্মসূচির আওতায় মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন শিশু, কিশোর-কিশোরী। জেলার মোট জনসংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৫৭ জন। এর মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৯৫ জন এবং কমিউনিটিতে (স্কুলবহির্ভূত) রয়েছে ৯১ হাজার ২৫২ জন। এই কার্যক্রমে জেলার ৯২২টি বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। পাশাপাশি ৮৯৬টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী কেন্দ্রে চলবে টিকাদান। এতে সরকারি-বেসরকারি পর্যায়ের মোট ৩৪১ জন কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন।


অনুষ্ঠিত প্রেস করফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও সিভিল সার্জন অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী