শহর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের মাঠ থেকে সবুর মিয়া (৪০) নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের আব্দুল হক মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে জোড়পুকুরিয়া গ্রামের চোখতোলার মাঠের একটি পাট ক্ষেত্র থেকে আহত সবুর মিয়াকে উদ্ধার করে গাংনী থানা পুলিশ। স্থানীয়রা জানান, সকালে জোড়পুকুরিয়া গ্রামের সড়কের পাশে মাঠের একটি পাট ক্ষেতের পাশে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল তাকে উদ্ধার করে। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সবুর মিয়া জানান, আমি সোমবার সকালে চুয়াডাঙ্গা শহরের একটি ব্যাংকে টাকা লেনদেনের উদ্দেশ্যে ব্যাংকের নিকটে অবস্থান করছিলাম। এসময় অপরিচিত দু’জন লোক আমার সাথে কথা বলার সময় আমার নাকে কিছু একটা লাগিয়ে দেয়। তারপর আমার আর কিছু মনে নেই। এবিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালের দিকে স্থানীয়রা একজন ব্যক্তিকে রাস্তার পাশে গায়ে কাদা মাখা অবস্থায় দেখে আমাকে ফোন দিলে। আমি পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে ওখান থেকে এনে হাসপাতালে ভর্তি করি। এসময় ওই ব্যক্তি পুলিশকে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। পরে আমি তার পরিবারকে খবর দিলে, তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। তবে, অপহরণের বিষয়টি পরিষ্কার নয়।