মহেশপুরে কৃষককে পিটিয়ে হত্যা!
- আপলোড তারিখঃ
২১-১১-২০২১
ইং
ঝিনাইদহের মহেশপুরে রাজহাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ মোল্লা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
নস্তিপুর গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মাঝে ঝগড়া হয়। এ সময় মফিজ সেখানে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তার ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর পাঠানো হয়। গতকাল শনিবার যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। নিহতের লাশ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স