চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
০৯-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মাধ্যমিক স্তরের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’
বিদ্যালয়ের লাইব্রেরিয়ান একরামুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাস ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিনু। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন তাজ, ম্যানেজিং কমিটি সদস্য আজিজুল হক, সাবেক সদস্য খন্দকার নুর এ রহমান লেলিন, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখলাস হোসেন মণ্টু, পুলিশ লাইনন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এছাড়া এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নিতে যাওয়া ১২১ জন শিক্ষার্থীকে বিভিন্ন উপহার দেওয়া হয়।
কমেন্ট বক্স