আলমডাঙ্গায় শিশু ও নারী উন্নয়নে দিনব্যাপী কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কথা বেশি বলি, কাজ কম করি। সমাজে আমরা যে যেখানে দায়িত্বে আছি, তারা সকলে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে দেশটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অনেক আগেই প্রতিষ্ঠিত হত। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, পরিবেশের সুরক্ষা, দুর্যোগকালীন নারী ও শিশু সচেতনতা বৃদ্ধি করা এবং জেন্ডার সমতা রক্ষা করতে হবে। গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধ কল্পে আমাদের ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে হবে। আজকে আমরা এখান থেকে যা শিখে যাব, সবাই যার যার মতো করে স্ব স্ব কর্মস্থলে পালন করার চেষ্টা করব।’
স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা খাতুন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম প্রমুখ। সভায় মোট ৩০ জন বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স