একদিনের ব্যবধানে ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি
- আপলোড তারিখঃ
০৫-১১-২০২১
ইং
জীবননগরে জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোয় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে এ দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধিতে ডিজেল ও কেরোসিন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও কৃষকদের মাথায় হাত! চাষ করা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।
কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘গত বুধবার জীবননগর বাজার থেকে ডিজেল কিনেছিলাম ৬৫ টাকা লিটার। আজ (বৃহস্পতিবার) বাজারে ডিজেল কিনতে এসে মাথা ঘুরে গেল, প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমাদের চাষাবাদ ছেড়ে দিতে হবে। তেলের দাম যেভাবে বাড়ছে, কৃষিতে তেমন লাভবান হওয়া যাবে না। এভাবে চলতে থাকলে বাধ্য হয়ে আমাদের সব কৃষি চাষাবাদ বন্ধ করে দিতে হবে।’
একই কথা বলেন কৃষক মফিজুল ইসলাম। তিনি বলেন, ‘কৃষি আমাদের মূল আয়ের উৎস। ডিজেলে লিটার প্রতি ১ থেকে ২ টাকা বাড়ত, এটা একরকম। কিন্তু এক দিনে ১৫ টাকা কখনোই মেনে নেওয়া আমাদের মতো কৃষকদের সম্ভব নয়। জীবননগর বাজারে যারা ডিজেল তেলের ডিলার আছে, তারা সবাই ডিজেল মজুদ করে রেখেছে। এক দিনে তারা কোটি কোটি টাকা লাভ করবে, আর দিন আনা মাঠে খেটে খাওয়া কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রম করে তেলের টাকা জোগাড় করতে হবে।’
জীবননগর বাজারের ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, ‘আমি বাজার থেকে যে দামে ক্রয় করছি সে তুলনায় তেলের দাম নিচ্ছি। গত বুধবার ডিজেল বিক্রয় করেছি ৬৫ টাকা লিটার। আর এখন বিক্রয় করতে হচ্ছে ৮০ টাকা লিটার। এক দিনের ব্যবধানে ডিজেলের দাম বেড়েছে।’
কমেন্ট বক্স