চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
- আপলোড তারিখঃ
২৫-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপসানালয় পূজামণ্ডপ, ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাপসাতাল চত্বরে ‘সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসবিরোধী’ এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এতে সংহতি প্রকাশ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। এসময় তাঁদের হাতে ছিল সাম্প্রদায়িকতাবিরোধী লেখা ব্যানার।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী মানববন্ধনে বলেন, ‘দুর্গাপূজায় একটি অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে যারা সারা দেশে মণ্ডপে-মন্দিরে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে, তারা দেশ, রাষ্ট্র, জাতির বিরুদ্ধে কাজ করেছে। তাদের বিরুদ্ধে দেশের সব জায়গায় চিকিৎসকসহ সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই, যাতে করে আর কেউ কোনো দিন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। কুমিল্লায় যে নাশকতার সূচনা করেছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মাঝখান থেকে যে ক্ষতিটা হয়ে গেল, সেটা মানুষ হিসেবে আমাদের সবার জন্য খুব কষ্টের। আসুন এই দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করি।’
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি ডা. একরামুল হক, বিএমএ সেক্রেটারি ডা. আব্দুল লতিফ, চুয়াডাঙ্গা সদর হাপসাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম ও ডেন্টাল সার্জন ডা. জয়নাল আবেদিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা হক, ডা. মার্টিন অনিক চৌধুরী, ওষুধ কোম্পানির ম্যানেজার ফোরামের সদস্য আমিনুল ইসলাম মুকুল, মাহাবুবুল ইসলাম, সাদিকুর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স