রংপুরে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুমের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
দুর্গোৎসবের মধ্যেই চুয়াডাঙ্গায় উদ্বোধন হতে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুম
সমীকরণ প্রতিবেদক:
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলঙ্কার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতেই রংপুরে ডায়মন্ড ওয়ার্ল্ডের ২৫তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় রংপুরের গোল্ডেন টাওয়ারে নতুন এই শো-রুমটির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শো-রুমটির উদ্বোধন করেন।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘এ দেশের জুয়েলারি ব্যবসায় ডায়মন্ড ওয়ার্ল্ড নতুন দিগন্ত সৃষ্টি করেছে। বিশ্বমানের সেবা ও গুণগত অলংকার প্রস্তুত করার কারণেই তারা আজ এই জায়গায় পৌঁছেছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা আমার খুব কাছের ছোট ভাই ও বন্ধু। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘গুডবুকে’ আছেন। তাই তো আমি নিজেই নানা ব্যস্ততার মধ্যেও সময় বের করে রংপুরে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন এই আউটলেটটির উদ্বোধন করতে এসেছি। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডের উত্তরাউত্তর সাফল্য কামনা করি।’
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ই-কমার্স নিয়ে বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দ্বারা যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দায় সরকার নেবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘তারা (গ্রাহক) আসল মূল্যের অর্ধেক দামে পণ্য পাওয়ার প্রলোভনে পড়ে অর্থ লগ্নি করেছিল। এর দায় আমরা নেব কেন?’ দেশে চালু থাকা ২০ হাজার ই-কমার্সের মধ্যে ১০ থেকে ১২টির মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন এবং সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমদানি নির্ভর পণ্য পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ হলো, এসব পণ্যের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এবার বিশ্ববাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও বেড়েছে। তবে পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে কমবে পেঁয়াজ, মরিচসহ অন্যান্য পণ্যের দাম।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা রংপুরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। রংপুরবাসীর আগ্রহ বিবেচনায় তাদের যাতে কষ্ট করে ঢাকামুখী না হওয়া লাগে, তাই শো-রুমটি উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুণগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘ডায়মন্ড ওয়ার্ল্ডের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। রংপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের স্থায়ী শো-রুমের। আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আজ সত্যিই আনন্দিত।’ এসময় দিলীপ কুমার আগরওয়ালা বাণিজ্যমন্ত্রীর সামনেই চলতি মাসে দুর্গোৎসবের মধ্যেই চুয়াডাঙ্গায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুম উদ্বোধনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব টিটু চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শো-রুমে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, নতুন শো-রুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে ডায়ামন্ড ওয়ার্ল্ড লিমিটেড আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫% ডিসকাউন্ট এবং গোল্ড জুয়েলারির মেকিং চার্জের ওপর ৫০% ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া রয়েছে র্যাফেল ড্র-এর ব্যবস্থা।