জীবননগরে ফ্রি চিকিৎসা পেলেন শতাধিক দুস্থ মানুষ
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। গতকাল বুধবার বেলা তিনটায় জীবননগর উপজেলার কালা গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনকালে সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল বলেন, ‘আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিকেল ক্যাম্প আরও হোক।’
শিকড় সমাজকল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক ও শিকড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পদক মো. জামাল উদ্দীন আদিব। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সহসম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ। এসময় সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক হোসাইন আহমেদ, কাজল হোসেন, ওমর ফারুক, রমজান, মফিজুল, নিলয়, অনিম প্রমুখ।
কমেন্ট বক্স