চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৪-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী মিনারুল ইসলাম কালুকে গাঁজাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত কালু (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ার গাজী মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে কালুর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত কালুকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স