প্রচার-প্রচারণায় সরব তিন চেয়ারম্যান প্রার্থী!
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০২১
ইং
তিতুদহ ইউনিয়ন পরিষদকে ঘিরে বইছে নির্বাচনের হাওয়া
আকিমুল ইসলাম:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। নানা আইনি জটিলতার কারণে ২০১১ সালের ৫ জুন নির্বাচন হওয়ার পর পরবর্তীতে কোনো নির্বাচন না হওয়ায় প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আকতার হোসেন। কিন্তু নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করলে ২৩ শে সেপ্টেম্বর ২০২০ইং তারিখে তিনি তিতুদহ ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অবসরে যান। তারপর থেকে নতুন চেয়ারম্যান প্রার্থীরা জোরে সোরে এলাকায়ে নিজেদের প্রচারে নেমেছেন।
বর্তমানে চেয়রাম্যান প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও কৃষক লীগ নেতা ফারুক হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম থেকেই মাঠে কাজ করছেন তিনজন প্রার্থী। তবে আরও কয়েকজন নতুন প্রার্থীর নাম মাঝে মাঝে শোনা গেলেও নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে সকলের মনে সন্দেহ রয়েছে। তবে বর্তমান সম্ভাব্য তিনজন প্রার্থী আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে প্রতীক বরাদ্দের পর সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। তারপরও এর মধ্য থেকে প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে থাকতে পারেন বলেও জানান একজন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান টিপু বলেন, ‘আমি আওয়ামী লীগ দলের জন্য জীবনের সবটুকু সময় পার করেছি, বাকিটুকু সময় এলাকার মানুষের কল্যাণে কাজে লাগিয়ে পার করে দিতে চাই। তাই তফসিল ঘোষণার পর আমি নির্বাচনের মাঠে পুরোপুরিভাবে কাজ শুরু করব।’
এদিকে আওয়ামী লীগ নেতা শুকুর আলী বলেন, ‘আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় মানুষেরা জানেন জনকল্যাণ, উন্নয়নমূলক কাজের পাশাপাশি বর্তমান ক্ষমতাশীল দলের জন্য কতটা কাজ করেছি।’
এছাড়া কৃষক লীগ নেতা ফারুক হোসেন বলেন, ‘নিজের অর্থায়নে একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেছি, যা অত্র এলাকাকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। মানুষ আমার সম্পর্কে জানে, এছাড়া নির্বাচনে স্থানীয় মানুষেরা অনেক সাড়া দিচ্ছে।’
স্থানীয় সূধী মহল সূত্রে জানা গেছে, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় প্রার্থীগণ সম্পূর্ণভাবে মাঠে কাজ না করতে পারলেও কিছুটা জনকল্যাণমূলক কাজের দৃশ্য সকলের সামনে পড়ছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারের দৃশ্য শোনা বা দেখা যায়নি।
কমেন্ট বক্স