চুয়াডাঙ্গার খাড়াগোদায় কবরস্থানের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, আজ গ্রামবাসীর মানববন্ধন
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মৃত আফসার মণ্ডলের ছোট ছেলে জামির হোসেন ও একই গ্রামের মৃত হাজী সাদেক আলী মাস্টারের ছোট ছেলে আব্দুস সালাম আকিবের বিরুদ্ধে কবরস্থানের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কবরস্থানের টিআর প্রকল্পের এ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন কবরস্থান কমিটির সভাপতি রাতুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। বিষয়টি এলাকায়ে ছড়িয়ে পড়ার পর খাড়াগোদা গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের মুখে ধিক্কারের আওয়াজ শোনা যাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় চায়ের দোকানগুলোতে নানা সমালোচনার ঝড় বইছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের কবরস্থানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের ৫০ লাখ টাকা বরাদ্দ হয়। চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় মোট ৪০টি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে সদর উপজেলার খাড়াগোদা কবরস্থানে কোনো প্রকার কাজ বাদে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন গ্রামের কথিত নেতা জামির হোসেন ও আব্দুস সালাম আকিব নামের দুজন।
এ বিষয়ে কবরস্থান কমিটির সভাপতি রাতুল হাসান জানান, ‘আমরা গতকাল উপজেলা থেকে মাস্টাররোল সংগ্রহ করে বিষয়টি জানতে পারি। কবরস্থানের টাকা জামির ও আকিব দুজন পকেটজাত করেছে। এর আগেও অনেক অপকর্মে জড়িত ছিল কথিত এই নেতা। কোন প্রকার কাজ কবরস্থানে করেনি।’
এ বিষয়ে অভিযুক্ত জামির বলেন, ‘আমি রাজনৈতিক গ্রুপিংয়ের শিকার। আমি কবরস্থানের সভাপতিকে জানতাম না। আমি মসজিদ কমিটির কাছে বলে রেখেছি। বর্ষার জন্য করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টারের সাথে আমার কথা হয়েছে, আমি সব টাকা ফেরত দিয়ে দেব।’
এ বিষয়ে গতকাল রাতে মসজিদ কমিটিসহ গ্রামের মুসল্লিগণ মিলে গণসাক্ষর করে এবং আজ যোহরের নামাজর পর অভিযুক্ত জামির ও আকিবের বিরুদ্ধে খাড়াগোদা বাজারে মানববন্ধন করবেন বলে সাংবাদিকদের জানান।
কমেন্ট বক্স