চুয়াডাঙ্গায় তেঁতুল খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় তেঁতুল খেতে দেওয়ার কথা বলে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয় ব্যক্তিরা অভিযুক্ত মোহাম্মদ আলীকে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় গতকাল বিকেলেই ভুক্তভোগী শিশুর পিতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোহাম্মদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের স্কুলপাড়ার ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সমবয়সীদের সঙ্গে পাড়ার তেঁতুলগাছের নিচে খেলা করছিল ওই শিশুটি। এসময় মোহাম্মদ আলী তাকে তেঁতুল খেতে দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এদিকে ওই শিশুর সমবয়সীরা একটু পরেই তাকে খুঁজতে যায়। তখন মোহাম্মদ আলীকে ও ওই শিশুকে ঘরের মধ্য দেখতে পেয়ে শিশুটির মায়ের কাছে যেয়ে সব কথা বলে দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় ও অভিযুক্ত মোহাম্মদকে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোহাম্মত আলীকে আটক করে প্রথমে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজকে রাখে। এ ঘটনায় গতকাল বিকেলেই ভুক্তভোগী শিশু কন্যার পিতা বাদী হয়ে মোহাম্মদ আলীর বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। ঘটনাটি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। বিকেলেই ভুক্তভোগী শিশুটির পিতা থানায় উপস্থিত হয়ে মোহাম্মদ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। আগামীকাল (আজ সোমবার) শিশুটির মেডিকেল টেস্টের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে।’
কমেন্ট বক্স