মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট উত্তপ্ত!

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট উত্তপ্ত!
১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) তিন ছাত্রকে বদলি ও হলে থাকা ৮ ছাত্রের সিট বাতিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র-ছাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ২০২০ সালে ছাত্রদের হোস্টেলে রঙ করার কাজ করানো হয় ঠিকাদারের মাধ্যমে। এসময় ছাত্রদের ব্যক্তিগত বাক্স ভেঙে টাকা চুরিসহ জিনিসপত্র তসরুপ করে রঙ মিস্ত্রিরা। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম নামে এক শিক্ষককে তদন্তসহ মীমাংশার দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, করোনার কারণে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এটিআই’ও বন্ধ হয়ে যায়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও এটিআইয়ের হোস্টেল বন্ধ রাখা হয়। হোস্টেলে থাকা ছাত্ররা এই বিষয়ে তাঁদের ক্ষোভের কথা জানালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের অভিভাবকদের কাছে অভিযোগ করা হয়। ছাত্ররা প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ উপেক্ষা করে হোস্টেলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সপ্তম সেমিস্টারের ছাত্র হাসিবুল হাসান শান্ত, শাওন চৌধুরী ও সোহেল নামের তিন ছাত্রকে টিসি দেওয়া হয়। এছাড়া সপ্তম সেমিস্টারের সোয়েব আক্তার, আরাফাত সাজিম, ইমরান খান, পঞ্চম সেমিস্টারের শীতল, শিশির, শাবাব, রিংকু ও অনিকের হোস্টেলের ছিট বাতিল করে নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, হোস্টেলে রঙ করার সময় চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার না করে উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এটিআইয়ের অধ্যক্ষ বিনয় সাহা জানান, সরকারের নির্দেশে সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদের আবাসন ব্যবস্থা বন্ধ ছিল। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান আবার চালু হয়েছে। সঠিক সময়ে হোস্টেল খুলে দেওয়া হবে। কিন্তু ছাত্ররা নাছোড়বান্দা হয়ে হোস্টেলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেছেন, অব্যবস্থাপনার কারণে অনেক কর্মচারীরা এই প্রতিষ্ঠানে মাদকের আড্ডা বসায়। ক্যাম্পাসে উৎপাদিত কৃষি পণ্য ও উৎপাদন কার্যক্রমে ব্যাপক অনিয়ম করা হলেও কোনো তদন্ত হয় না।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী