চুয়াডাঙ্গা পৌর এলাকায় যুবককে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আকাশ হোসেন (১৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার নদীর ধারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত আকাশকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত আকাশ একই মাস্টারপাড়ার ডালিমের ছেলে।
আহত আকাশ জানান, দুপুরে শিশু পার্কের নিকট নদীর ধারে বসে মাছ ধরছিলেন তিনি। এসময় জ্বিনতলা মল্লিকপাড়ার মাহফুজসহ চারজন যুবক সেখানে এসে তাঁর কাছে জানতে চায় নদীতে গোসল করতে আসা মেয়েদেরকে কে বিরক্ত করে। এসময় আকাশ এ প্রশ্ন তাকে কেন করছে, জানতে চাইলে মাহফুজের সঙ্গে তাঁর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মাহফুজ তাঁর সঙ্গে থাকা একটি ধারালো চাপাতি দিয়ে আকাশের হাতের কব্জিতে কোপ দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় ব্যক্তিরা তার চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আকাশকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুরে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি আকাশকে জরুরি বিভাগে নেয়। তার বাম হাতের কব্জিতে একটি ধারালো অস্তের আঘাতের চিহ্ন ছির। ক্ষতস্থানে ৫টি সেলাই দেওয়া হয়। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার) বলেন, ‘আকাশ নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নামও আমরা ইতোমধ্যে বের করেছি। আসামি তিনজনকে ধরতে সদর থানা পুলিশের একটি টিম কাজ করছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স