আলমডাঙ্গায় আলমসাধু থেকে ছিটকে পড়ে শিশুর মৃতু
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় চলন্ত আলমসাধু থেকে ছিটকে পড়ে আনিকা (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছে শিশুটির মা আদরি খাতুন। গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত আহত শিশু আনিকা ও তার মা আদরিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের কাশেম আলীর মেয়ে।
জানা যায়, গতকাল রোববার ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশু আনিকার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নিয়ে আসেন শিশুটির মা আদরি খাতুন। চুয়াডাঙ্গা থেকে আলমসাধুযোগে নিজ বাড়ি তিয়রবিলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে হাকিমপুর গ্রামে পৌঁছালে ভাঙা রাস্তায় ঝাকি লেগে ছিটকে পড়ে শিশু আনিকা ও আদরি। পাঁকা রাস্তার ওপর ছিটকে পড়ায় মা ও শিশু দুজনেই আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা আদরি ও তাঁর মেয়ে আনিকাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন ও আদরীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
নিহত শিশু আনিকার মা আদরি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঠাণ্ডার কারণে তাঁকে সদর হাপসাতালের ডাক্তার দেখানে এনছিলাম। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাওয়ার সময় ভাঙা রাস্তায় আলমসাধুতে ঝাকি লাগলে আমি ও মেয়ে পড়ে যায়। আমার নিজের হাত থেকে পড়ে আমার মেয়ে মারা গেছে।’
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত একটি শিশু ও তার মাকে কয়েকজন ব্যক্তি জরুরি বিভাগে নিয়ে আসে। দুজনের শরীরেই কাঁটা ছেলাসহ গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। শিশুটির মাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আলমডাঙ্গা থানাধীন হাকিমপুরে আলমসাধু থেকে ছিটকে পড়ে একটি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে শিশুটির মা। এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পায়নি। যে কারণে ময়নাতদন্ত ছাড়ায় শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’
কমেন্ট বক্স