মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গা শহরে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না’

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২১ ইং
‘চুয়াডাঙ্গা শহরে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি মোহাম্মদ মহসীন পিপিএম (বার) নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার) বলেন, ‘একটি কথা আমি বলতে পারি, কাজের ক্ষেত্রে আমার আন্তরিকতার কোনো অভাব হবে না। কতটা দিতে পারবো জানিনা, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সাংবাদিকেরা সমাজের আয়না। আমার অনুরোধ থাকবে প্রকৃত ঘটনা আপনারা তুলে আনবেন। খারাপ কাজ হলেও আপনারা তুলে আনবেন। তবে ভালো কাজ যেন একটাও বাদ না যায়। ভালো কাজের উদাহরণ থেকে মানুষ যাতে শেখে। আমি চাই আপনাদের সহযোগিতায় এই থানা হবে বাংলাদেশের জন্য একটা উদাহরণ। এখানের পুলিশিং, এখানের সাংবাদিকতা পুরো বাংলাদেশ অনুসরণ করবে। এই স্বপ্ন নিয়ে আপনারা সবাই আমার সারথী হবেন, সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন।’ বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন নিয়ে সাংবাদিকদের মধ্যে থেকে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাসহ সকল পর্যায়ের মানুষের সাথেই আমি কথা বলবো। বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে আমার ব্যতিক্রমী চিন্তা আছে। আপনাদের আইডিয়া থাকলেও আমাকে দিয়ে সহযোগিতা করতে পারেন।’ তিনি আরও বলেন, আমি সবসময় চিন্তা করি, কোথায় কী প্রয়োজন, মানুষ কী চাই? আমি সবকিছুর গুরুত্ব দিই। আর এই চুয়াডাঙ্গা শহরে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না। কিশোর গ্যাং সংস্কৃতি পুরোপুরি তুলে দেওয়া হবে। আমি চাই, এমন একটি থানা থাকুক, যেখানে একটিও অপরাধ থাকবে না। এটা আমার স্বপ্ন, নিশ্চয় সেই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে।’ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, ‘এখন চুয়াডাঙ্গার পরিবেশ অনেক ভালো। আগের মতো আর নেই। একসময় তৎকালীন স্বরাষ্টমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে চুয়াডাঙ্গার বাঘা-বাঘা চাঁদাবাজ-সন্ত্রাসীরা আত্মসমর্পণ করার কারণে রক্তাক্ত এই জনপদ এখন অনেক শান্ত। ভয়ঙ্কর কলঙ্ক এখন আর নেই। এখনো যে কিছু কিছু ঘটনা ঘটছে না, তা কিন্তু নয়। তবে মূলোৎপাটন করতে পারলে তা থামানো যাবে। সেদিকে নজর রাখতে হবে।’ নবাগত ওসিকে সরদার আল আমিন বলেন, ‘আপনি এই থানাকে ভালো কিছু দিবেন. সেই আশা রাখি।’ বক্তব্য শেষে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সংবাদকর্মীদের ভালোমন্দ দেখার আহ্বান জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ তাঁর বক্তব্য শেষে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা তুলে ধরে তা নিরসনে ওসির দৃষ্টি আকর্ষন করেন। চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের সাথে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন, শেখ সেলিম, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি রফিক রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, বণিক বার্তা-গাজী টিভির প্রতিনিধি রিফাত রহমান, নয়া দিগন্তের প্রতিনিধি হুসাইন মালিক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জামান আকতার, অন্য দিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান চাঁদ, সময় টিভির প্রতিনিধি মাহফুজ মামুন, সমকালের প্রতিনিধি খায়রুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধ সোহেল সজিব, কলকাতা টিভির প্রতিনিধি সনজিৎ কর্মকার, সময়ের সমীকরণ ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি সোহেল রানা ডালিম, 40র প্রতিনিধি মেহেরাব্বিন সানভী ও সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল প্রমুখ। উল্লেখ্য, সবশেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি ও দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ নবাগত ওসিকে দৈনিক সময়ের সমীকরণসহ স্থানীয় সব পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী