মেহেরপুরে ভাষা সৈনিক ইসমাইল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মেহেরপুরের বিশিষ্ট ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে দাফন করা হয়েছ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে মরহুমের মরদেহে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহ্বলের করুণ সুর বেজে ওঠে। পরে একই স্থানে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে জানাজার প্রাক্কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মরহুম ইসমাইল হোসেনের বড় ছেলে জুয়েল সেখানে বক্তব্য দেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহসভাপতি আবু মোরশেদ শোভন সরকার, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান এবং কৃষক লীগের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে, জানাজা ও দাফন কাজে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।
কমেন্ট বক্স