মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছরের জেল
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিম নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আজিম জয়পুরহাট জেলার রাঘবপুর গ্রামের সামাদ আলী ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মে গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের এএসআই সুবির রায় গোপন সূত্রে খবর পেয়ে কাজিপুর বামুন্দি সড়কের বালিরঘাট নামক স্থান থেকে আজিমকে গ্রেপ্তার করে। এসময় তাঁর নিকট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার এইটিসি নম্বর ১৯৩/১৫। জিআর কেস নম্বর ৯৪/১৫ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আজিম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে আতাউল হক কৌশলী ছিলেন।
কমেন্ট বক্স