মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত ‘চন্দ্রবোড়া’

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২১ ইং
কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত ‘চন্দ্রবোড়া’
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়েছে ‘চন্দ্রবোড়া’ নামে একটি বিষধর সাপ। ধরা পড়ার চার দিন পর গত শনিবার রাতে স্থানীয় এক যুবক ও বন বিভাগের সহায়তায় সাপটিকে জেলার দুর্গম চরে অবমুক্ত করা হয়। থানাপাড়া এলাকার প্রকৃতিপ্রেমী ও সমাজসেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। একপর্যায়ে প্রায় পাঁচ ফিট লম্বা সাপটি তাঁর জালে আটকা পড়ে। অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সেটিকে বালতিতে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সাপটির পেট ডিম ভর্তি থাকায় তেমন একটা নড়াচড়া করছিল না। জেলে মৃদুল শেখ ওই সাপটি বিক্রি করতে সাপুড়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন। ব্যতিক্রমী এই সাপ উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে সবাই তাঁর বাড়িতে ভিড় জমান। পরে বিষয়টি বন বিভাগকে জানান শাহাবুদ্দিন মিলন। বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে গত শনিবার রাতে তিনি লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান। পরে সাপটিকে উদ্ধার করে চরে অবমুক্ত করা হয়। তিনি আরও জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না সাপটির নাম চন্দ্রবোড়া এবং এর বিষ কতটা ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে। সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে এটি ভেসে আসতে পারে। জানা যায়, এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেউড়িয়ায় একজন জেলের জালে আরেকটি চন্দ্রবোড়া সাপ ধরা পড়েছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী