দর্শনায় স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকা চুরি!
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজার তালা কেটে নগদ ৮ লাখ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। হত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তৎপর রয়েছে পুলিশ।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের মৃত আহম্মেদ আলী মল্লিকের ছেলে মিনাজ মল্লিকের বাড়িতে গত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় চোরচক্র প্রবেশ করে। বাড়ির গৃহকর্তী মিনাজের স্ত্রী আছিয়া খাতুন বলেন, চোরেরা বাড়ির মধ্যে ঢুকে ঘরের দরজার তালা কেটে ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে জমি ও পেয়ারা বিক্রির নগদ ৮ লাখ টাকা, ১ জোড়া সোনার রুলি, ২টি সোনার আংটি, ১ জোড়া সোনার কানের দুল, ১টি গলার সোনার চেনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সকালে বাড়িতে এসে দেখেন ঘরের দরজার তালা কাটা।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রামের মনছদ্দিনের ছেলে মজিবর রহমান, তরিকুলের ছেলে বকুল ও ফজলুর রহমানের ছেলে জহিরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।
প্রতিবেশীরা জানান, যাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, তারা এই গ্রামের সবচেয়ে ধনী লোক। প্রশ্ন যে বাড়িতে লোকজন থাকে না এবং ঘরের দরজা অরক্ষিত, সেখানে এতগুলো টাকা এবং গহনা কেন রাখতে গেল। ঘটনা যদি সত্য হয়, তবে জানা-শোনা লোক ছাড়া কে এসব খবর জানবে। পুলিশ একটু তৎপর হলেই চুরি না অন্যকিছু, তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারবে বলে আমরা মনে করছি।
কমেন্ট বক্স