মেয়ের সাথে শেষ দেখা হলো না মায়ের
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগ মনোহরপুরে মা-বাবা ব্রিকসের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নারী পারুল (৬৫) উপজেলার মনোহরপুর ১ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়ার স্বর্গীয় কালিপদ-এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত পারুল তাঁর মেয়ের সাথে দেখা করার জন্য শিকদার পোল্ট্রিফার্মে যাচ্ছিলেন। তিনি মা-বাবা ব্রিকসের সামনে রাস্তা পার হতে গেলে এমন সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন মেয়ে শান্তনা বালা। মেয়ে শান্তনা বালার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যেই তিনি শিকদার পোল্ট্রি ফার্মে আসতেন। মেয়ের শেষ দেখা আর হলো না মায়ের।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী আল মাসুম বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ব্রেন হেমারেজে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স