ভ্যানের ধাক্কায় আহত ২ : একজনকে রেফার্ড!
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০২১
ইং
দামুড়হুদার লোকনাথপুরে ডাচ্ বাংলা ব্যাংকের সিকিউর কাভার্ড
নিজস্ব প্রতিবেদক/দামুড়হুদা অফিস:
দামুড়হুদার লোকনাথপুরে ডাচ্ বাংলা ব্যাংকের সিকিউর কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের স্কুলপাড়ার আলি হোসেনের ছেলে পাওয়ারটিলার চালক আল আমিন (২৭) ও একই এলাকার রেজাউল হোসেনের ছেলে সেলিম হোসেন (২৭)। আহত দুজনের মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে পাওয়ারট্রিলার লোকনাথপুর ফুটবল মাঠে পাওয়ারট্রিলার চালক আল আমিন ও সেলিমের পাওয়ারট্রিলারে পেঁপে লোড হচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল নিয়ে আল আমিন ও সেলিম হোসেন মাঠ থেকে রাস্তার ওপর উঠছিল। এসময় দর্শনা থেকে চুয়াডাঙ্গামুখী ডাচ্ বাংলা ব্যাংকের একটি দ্রুতগামী সিকিউর কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সিকিউর কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন ও সেলিম হোসেন গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। একই সময়ে কাভার্ড ভ্যানটি আটকে রাখে। তবে কাভার্ড ভ্যানে ব্যাংকের টাকা থাকায় ভ্যানটির চালক সেখান চুয়াডাঙ্গার উদ্যেশ্যে রওনা দেয়।
অন্যদিকে, সিকিউর কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজনই গুরুতর জখম হওয়ায় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা তাঁদেরকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত দুজনের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, ‘দুজনেরই মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। দুজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়। এর মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘দামুড়হুদা থানাধীন লোকনাথপুরে ডাচ্ বাংলা ব্যাংকের সিকিউর কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি। আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতাল থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পরে সিকিউর কাভার্ড ভ্যানটি চুয়াডাঙ্গার দিকে চলে যায়। এ বিষয়ে আহতদের পরিবাররের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স