চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, দুই সন্তান আহত
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৪০) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। একই সময় গুরুতর আহত হয়েছেন নাসিমা বেগমের দুই সন্তান হুরমত (২০) ও মিম (১০)। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় নাসিমা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘গতকাল বিকেলে তিন সন্তানকে নিয়ে নিজ বাড়িতেই ছিলেন নাসিমা বেগম। এর পূর্ব থেকেই নাসিমার বাড়ির জানালা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বাড়ির কাজ করার সময় জানালায় হাত দিলে নাসিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। নাসিমা বেগমকে বিদ্যুৎ থেকে ছাড়াতে গেলে তার ছেলে হুরমত ও মিম আহত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা আছড়ে পরলে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান পরীক্ষা-নিরীক্ষা করে নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা নাসিমা বেগমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পেরেছি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। আমরা জরুরি বিভাগে তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।
কমেন্ট বক্স